প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল
কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের রায়ে মরক্কোর বিপক্ষে পাওয়া জয় বহাল রইল সেনেগালের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা পুনরায় নিজেদের করে নিয়েছে সেনেগাল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল দলটি। তবে ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছাড়ার জেরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।
বিজ্ঞাপন
সিএএফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে আপিল করেছিল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। মঙ্গলবার সেই আপিলে জয় পেয়েছে সেনেগাল। সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা সেনেগালের করা আপিল গ্রহণ করেছে এবং এর ফলে অতিরিক্ত সময়ে পাওয়া সেনেগালের ১-০ গোলের জয় পুনর্বহাল করা হয়েছে।
জানুয়ারির সেই ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। ওই সময় স্বাগতিক মরক্কো একটি পেনাল্টি পেলে সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যান। পরে তারা পুনরায় মাঠে ফিরে খেলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত গোল করে জয়ী হন।
তবে গত মার্চে সিএএফের আপিল কমিটি নিয়মাবলির ৮২ ও ৮৪ নম্বর ধারা উল্লেখ করে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছিল। ওই ধারায় বলা আছে, অনুমতি ছাড়া মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে দলকে পরাজিত ঘোষণা করা হবে।
সিএএস তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, সেনেগালের খেলোয়াড়রা শেষ পর্যন্ত মাঠে ফিরে এসেছিলেন এবং রেফারিও খেলা পুনরায় শুরু করেছিলেন। আদালতের মতে, রেফারি খেলা শুরুর মাধ্যমে ম্যাচ চালিয়ে যাওয়ার শর্ত পূরণের ইঙ্গিত দিয়েছিলেন। তাই এই ঘটনায় সিএএফের ৮২ ও ৮৪ নম্বর ধারা প্রয়োগযোগ্য নয় বলে সিএএস তাদের রায়ে উল্লেখ করেছে।