ইজিবাইকে তুলে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা
শহরের আদালতপাড়া এলাকা থেকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় কুপিয়ে জখম করা হয় বাচ্চু খাঁকে
ফরিদপুর জেলা প্রতিনিধি · ফরিদপুর
প্রকাশ:
ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক যুবককে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেটরশ্রমিক এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
বিজ্ঞাপন
ভুক্তভোগীর ভাই মো. বাদল খাঁ জানান, সকালে বাচ্চু এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন। এ সময় ১৫-২০ জন সন্ত্রাসী তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাঁ হাতের এবং দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রাত ৮টার দিকে জানান, ঘটনার খবর পেয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ট্রমা সেন্টারে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।