সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক
সিলেট জেলা প্রতিনিধি · সিলেট
প্রকাশ:
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকেরা দাবি করেন, রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন। এ সময় দুই রোগীর স্বজনকেও মারধর করা হয়।
বিজ্ঞাপন
হামলার শিকার দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। রেজা রুবেল জানান, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে পৌঁছালে ছবি তোলার সময় স্যালাইনের স্ট্যান্ড দিয়ে তাঁদের মাথায় আঘাত করা হয়। এ সময় তাঁদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন, কারণ ওসমানী মেডিকেলে কর্মবিরতির অজুহাতে তাঁদের ভর্তি নেওয়া হয়নি।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকিন হান্না দাবি করেন, অস্ত্রোপচারের জন্য ৬০ জন রোগী থাকায় সেখানে ভিড় ছিল এবং সিরিয়াল নিয়ে ঝামেলা থেকে রোগীর স্বজনেরা চিকিৎসকদের ওপর হামলা চালান। তিনি আরও বলেন, ‘দুজনের কথা জানি না, একজনকে জানি। তবে তিনি আদৌ সাংবাদিক কি না। এখন মারার পর সব সাংবাদিক হয়ে যায়।’ তবে হাসপাতালের উপপরিচালক হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ হাসপাতালের পরিস্থিতি শান্ত ছিল। এদিকে ঘটনার প্রতিবাদে রাতে নগরের চৌহাট্টা মোড়ে অবস্থান নেন সাংবাদিকেরা। সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।