ব্যালন ডি’অর অব অলটাইম জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো
ভোটের লড়াইয়ে লিওনেল মেসিকে হারিয়ে সেরা নির্বাচিত হয়েছেন রোনালদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী যৌথভাবে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট) পুরস্কারের আয়োজন করে। ব্যালন ডি’অর জয়ী মৌসুমগুলোর মধ্যে কোনটি সেরা, তা নির্ধারণের জন্য গত ১ অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি ভোটের জন্য ১ ইউরো বা ১৩৮ টাকা খরচ করে ভক্তদের যত খুশি তত ভোট দেওয়ার সুযোগ ছিল। গত মঙ্গলবার রাতে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
বিজ্ঞাপন
ভোটের লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন। রোনালদোর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে ২০০৮ সালের মৌসুমটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কারের জন্য কোনো ট্রফি দেওয়া হবে না। অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ব্যালন ডি’অরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানায়, ৪৪৬ পয়েন্ট পেয়ে রোনালদো জয়ী হয়েছেন, যেখানে মেসির পয়েন্ট ছিল ২৮১। এই তালিকায় শীর্ষ ১২টি মৌসুমই মেসি ও রোনালদোর দখলে রয়েছে, আর ১৩তম স্থানে আছেন রোনালদো নাজারিওর ২০০২ সালের ব্যালন ডি’অর জয়। প্রতিযোগিতায় মেসি, রোনালদো ছাড়াও ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কার্ল–হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানোসহ মোট ১০ জন কিংবদন্তিকে রাখা হয়েছিল।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন প্রথম ব্যালন ডি’অর জেতেন, যেখানে ২০০৭–০৮ মৌসুমে তিনি ৪৯ ম্যাচে ৪২ গোল করেছিলেন। অন্যদিকে, মেসির জন্য ২০১১–১২ মৌসুমটি ছিল ঐতিহাসিক, যখন তিনি ৬৯ ম্যাচে ৯১ গোল করেছিলেন এবং ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জিতেছিলেন।
ভোটাভুটিতে জালিয়াতির অভিযোগ উঠলেও তা উড়িয়ে দিয়েছে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট। তারা জানায়, প্ল্যাটফর্মটিতে ৫,০০৯ জন ব্যবহারকারী একের অধিক ভোট দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন ব্যবহারকারী ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪,৬৬৫ জন ব্যবহারকারী ২ থেকে ৪টি ভোট দিয়েছেন।