কখনো সিনিয়রদের প্রশংসা পাইনি: জোভান
অভিনয়ে ফেরার পাশাপাশি অবসরের চার মাসে চারটি চিত্রনাট্য লিখেছেন এই অভিনেতা
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
প্রায় চার মাসের বিরতি শেষে সাগর জাহানের 'অতল ভালোবাসা' নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন ফারহান আহমেদ জোভান। এই অবসরের সময়টিতে তিনি চারটি চিত্রনাট্যও লিখেছেন। গত রোববার তিনি নিজের বর্তমান কাজ ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতি নেওয়ার কারণ হিসেবে জোভান জানান, প্রতিবছর ঈদুল আজহার পর দেড় থেকে দুই মাসের একটি বিরতি নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে এবার সেই বিরতি চার মাস ছাড়িয়ে গেছে। তিনি বলেন, 'মাঝে একটা দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে টানা কাজের পর প্রতিবছর এই ব্রেক নিজের জন্যই দরকার মনে করি। এ ছাড়া একজন শিল্পী হিসেবে ব্যস্ততার বাইরে নিজেকে ও পরিবারকে সময় দিতে পারি। তা ছাড়া নিজেকে, নিজের জায়গাকে বোঝার জন্যও বিরতি দরকার। শিল্পী হিসেবে বিরতি আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। অনেক কিছু ভাবায়।'
বিরতির এই সময়টিতে তিনি দেশের বাইরে ভ্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জোভান জানান, 'এ সময় এমন না যে গৃহবন্দী ছিলাম। দেশের বাইরে গিয়েছি, নিজের মতো করে ঘুরেছি। যুক্তরাষ্ট্রে একটি পুরস্কার আয়োজনে অংশ নিয়েছি। বসে থাকিনি, নিজেকে নিয়েই বেশি ভেবেছি। আমার কাজ, আমার অবস্থান, আমি কোথায় আছি, কী করছি, কী করা উচিত—সেগুলো আমাকে নতুন করে ভাবিয়েছে।'
এই সময়ে দেখা সিনেমা ও সিরিজ সম্পর্কে জোভান বলেন, 'সবচেয়ে বেশি ভালো লেগেছে সিরিজ, যেমন স্কুইড গেম দেখা ছিল না, সেটা দেখলাম। সত্য ঘটনার ওপর বেজ করে নির্মিত সিরিজ মনস্টার। মুসাফির ক্যাফে ভালো লেগেছে। এ ছাড়া ইরফান খান আমার পছন্দের একজন অভিনেতা। তাঁর অভিনয় অনেক ন্যাচারাল। বেশ আগের তাঁর একটি সিনেমা হিন্দি মিডিয়াম দেখলাম। এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় দাগি দেখলাম। (আফরান) নিশো ভাইয়ের মুভিটা সুন্দর ছিল।'
ভবিষ্যৎ কাজের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, 'সব সময় গতানুগতিক নয়, ভিন্নতা রয়েছে, এমন গল্পে কাজ করতে চাই। নতুনত্ব রয়েছে, এমন গল্পগুলোকেই প্রাধান্য দিচ্ছি। অনেক গল্প পছন্দ হয় নাই, সেগুলো না করে দিয়েছি। কী কী কাজ করব, সেটার একটা লিস্টও করেছি। মাঝে আমিও কিছু চিত্রনাট্য লিখেছি।' চিত্রনাট্য লেখার বিষয়ে তিনি জানান, আগে সময়ের অভাবে লেখা না হলেও এবার হাতে সময় থাকায় তিনি চারটি চিত্রনাট্য লিখেছেন।
বিজ্ঞাপন
নাটকের সংখ্যা নিয়ে জোভান বলেন, 'নাটক অনেক বেশি করে ফেলেছি, এটা কখনোই মনে হয় না। বরং এখন আগের চেয়ে নাটক আরও কমিয়ে দিয়েছি। তবে ক্যারিয়ারের শুরু থেকে যদি ধরি, তাহলে সংখ্যাটা বেশি। অনেক কাজ না করলেও পারতাম। তবে কোনো কিছু নিয়ে আফসোস হয় না।'
ভ্রমণ প্রসঙ্গে তিনি জানান, ছুটিতে দুইবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং মেক্সিকো ও তুরস্কের ইস্তাম্বুল ঘুরেছেন। তার ভাষায়, 'তুরস্ক। ইস্তাম্বুলের বেশ কিছু জায়গায় ঘুরেছি, ভালো লেগেছে। ইউরোপ, এশিয়া—দুই জায়গার ফিলই এ দেশে পেয়েছি। আরেকটা দেশে গিয়েছিলাম—শ্রীলঙ্কা, সেখানের মানুষ অনেক ভালো। তারা যে শিক্ষিত জনগোষ্ঠী, এটা তাদের আচার-আচরণে বোঝা যায়। সেখানেও ভালো সময় কাটিয়েছি। আসলে নিজের মতো থাকা, অন্য দেশের কালচার, জীবনযাপন নানা কিছু দেখতে আমার ভালো লাগে।'
জুনিয়র শিল্পীদের কাজের প্রশংসা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার জুনিয়র বা নেক্সট ব্যাচের যারা, তারা কতটা ভালো করছে—বরাবরই সেই খবর রাখার চেষ্টা করি। এখন তো ফেসবুকের মাধ্যমে সবার কাজ সম্পর্কে জানা যায়, দেখা হয়। অনেকেই ভালো করছে। যার কাজ ভালো লাগে, পারসোনালি তাকে জানাই। দেখা হলেই কাজটি সম্পর্কে জানাই। এমনও হয়েছে, ফোন নম্বর না থাকলে সংগ্রহ করে যোগাযোগ করি। এটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয়।' তিনি মনে করেন সিনিয়র হিসেবে জুনিয়রদের উৎসাহিত করা জরুরি।
সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাওয়ার বিষয়ে জোভান জানান, 'সমসাময়িক অন্যরা পেয়েছে কি না জানি না। কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি। সিনিয়রদের কাছ থেকে কোনো অনুপ্রেরণাও পাইনি। তোমার কাজ ভালো হয়েছে, এমনটা শুনিনি। কিন্তু আমি খুব চাইতাম, সিনিয়ররা আমার কাজ দেখে ভালো না লাগলে বকা দিক, ভালো লাগলে প্রশংসা করুক। ১৩ বছরের ক্যারিয়ারে সিনিয়রদের কাছে থেকে অনুপ্রেরণামূলক কোনো কিছু পাইনি।'