ওয়াসিম আকরামের সঙ্গে বিয়ের গুঞ্জন নাকচ করলেন সুস্মিতা
অভিনেত্রীর ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে ফিরে দেখা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সংবাদমাধ্যম থেকে সুস্মিতা সেন জানতে পারেন যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে। ২০১৩ সালের এপ্রিলে এই খবর ছড়িয়ে পড়ার পর টুইটারে সুস্মিতা লেখেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ ওয়াসিম আকরাম নিজেও জানান, বিয়ের খবরের কোনো ভিত্তি নেই। এই সম্পর্কের জল্পনার সূত্রপাত হয়েছিল পাঁচ বছর আগে একটি নাচের অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনের সময় থেকে।
বিজ্ঞাপন
সুস্মিতার মুকুট জয়ের কাহিনী সবার পরিচিত। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম নেওয়া সুস্মিতা মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে বিজয়ী হন। ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় প্রথম ভারতীয় হিসেবে তিনি মিস ইউনিভার্স খেতাব অর্জন করেন। দুই বছর পর মহেশ ভাটের পরিচালনায় ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক ঘটে। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’র মতো ছবিতে তিনি অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন, যা আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেয়েছিল। পরবর্তীতে ‘তালি’ সিনেমায় তিনি রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেন।
পর্দার বাইরের সিদ্ধান্ত নিয়েও তিনি আলোচনায় ছিলেন। ক্যারিয়ারের শুরুতে ২৪ বছর বয়সে তিনি প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন। সুস্মিতা স্মরণ করেন, তাঁর ম্যানেজার তখন বলেছিলেন মা হওয়ার পর তিনি কাজ পাবেন না, কিন্তু মা হওয়ার পরই তাঁর ক্যারিয়ারের কয়েকটি বড় হিট মুক্তি পায়। ২০১০ সালে তিনি দ্বিতীয় মেয়ে আলিশাহকে দত্তক নেন।
২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় বিচারক হিসেবে সুস্মিতা ও আকরামের পরিচয় হয়। ওই অনুষ্ঠান থেকেই তাঁদের নাম জুড়ে সংবাদ প্রকাশ শুরু হয়। কয়েক বছর পর বিয়ের গুঞ্জন ছড়ালে দুজনেই ব্যক্তিজীবনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান।
বলিউডের প্রথম ছবি ‘দস্তক’-এর চিত্রনাট্যকার ছিলেন বিক্রম ভাট এবং পরিচালক ছিলেন মহেশ ভাট। ছবিটির কাজের সূত্রেই বিক্রম ভাটের সঙ্গে সুস্মিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিক্রম তখন বিবাহিত ছিলেন। বহু বছর পর এক সাক্ষাৎকারে তিনি স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন।
বিজ্ঞাপন
২০০৬ সালের দিকে সুস্মিতা ও রণদীপ হুদার প্রেমের খবর প্রকাশ্যে আসে এবং তাঁদের একসঙ্গে দেখা যেত। তাঁরা ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ ছবিতে অভিনয় করেন। তিন বছর পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। রণদীপ পরে এক সাক্ষাৎকারে বলেন, সম্পর্কটিতে তিনি অনেকটা সময় দিয়েছিলেন এবং বিচ্ছেদের পর নিজের কাজে মনোনিবেশ করতে পেরেছিলেন।
মুদাসসর আজিজের পরিচালনায় ‘দুলহা মিল গায়া’ ছবিতে কাজ করার সময় এই নির্মাতার সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্কের খবরও গণমাধ্যমে আসে। ২০১৩ সালে মুম্বাইয়ের একটি পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার খবর দেয় হিন্দুস্তান টাইমস। ২০১৭ সালে ইন্ডিয়া টুডে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ করে।
মডেল রেহমান শালের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা সুস্মিতা নিজেই জানান। ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লেখেন, বন্ধুত্ব দিয়ে শুরু হওয়া সম্পর্কটি প্রেমের পর্যায়ে থাকলেও তা শেষ হয়েছে, তবে বন্ধুত্ব রয়ে গেছে। পরের বছর সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভেও রেহমানকে দেখা যায়।
২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি টুইটারে সুস্মিতার সঙ্গে ছবি প্রকাশ করে প্রেমের দাবি করেন। বিয়ের জল্পনা শুরু হলে ললিত জানান তাঁদের বিয়ে হয়নি। পরদিন সুস্মিতা দুই মেয়ের সঙ্গে ছবি দিয়ে লেখেন, তিনি বিয়ে করেননি এবং আংটিবদলও হয়নি। দুই বছর পর রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ সুস্মিতা জানান, প্রায় তিন বছর ধরে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই।