জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে
আগামীকাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। আগামীকাল মঙ্গলবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরুর দিন ধার্য রয়েছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।
মামলাটির সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। সেদিন প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয় এবং ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে আছেন। তিনি কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।