নামাজের সময় অজু নিয়ে সন্দেহ হলে করণীয়
ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী নিশ্চিত না হওয়া পর্যন্ত অজু ভঙ্গের আশঙ্কা অমূলক।
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
নামাজ শুদ্ধ হওয়ার পূর্বশর্ত হলো পবিত্রতা বা অজু থাকা। অনেক সময় অজু করার পর কিংবা নামাজ চলাকালীন অজু ভেঙেছে কি না—এমন সংশয় তৈরি হতে পারে। ইসলামি ফিকহের নিয়ম অনুযায়ী, এ ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
ইসলামি শরিয়তের একটি মূলনীতি হলো, কোনো নিশ্চিত বিষয় নিছক সন্দেহের কারণে বাতিল হয়ে যায় না। অর্থাৎ, অজু ভঙ্গের কোনো সুনির্দিষ্ট কারণ না ঘটলে পূর্বের অজু বহাল থাকে। মনের অনুমান বা অহেতুক আশঙ্কা দিয়ে অজু নষ্ট হয় না।
এ বিষয়ে হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস রয়েছে। সহিহ বুখারি (১৩৭) হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে পেটে বা মলদ্বারে কোনো নড়াচড়া অনুভব করে এবং তার মনে বায়ু বের হওয়ার সন্দেহ জাগে, তবে সে যেন নামাজ না ছাড়ে; যতক্ষণ না সে এর আওয়াজ শোনে অথবা গন্ধ পায়।
অর্থাৎ, যতক্ষণ পর্যন্ত শব্দ শোনা বা গন্ধ পাওয়ার মতো কোনো অকাট্য প্রমাণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ আগের পবিত্রতা নিয়ে নামাজ চালিয়ে যাওয়া যাবে। অজু ভাঙার বিষয়ে অহেতুক দুশ্চিন্তা না করে নিশ্চিত বিষয়ের ওপর অটল থাকাই শরিয়তসম্মত।