৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে এই নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১৯ নভেম্বর এই নির্দেশনাপত্র জারি করা হলেও রোববার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এনসিটিবি জানায়, প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষে প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরে প্রায় ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার বই রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
এনসিটিবির পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে পরীক্ষার ফলাফল প্রকাশের সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। প্রাথমিক স্তরের বই ছাপানো ও সরবরাহের কাজ প্রায় শেষ হলেও মাধ্যমিক স্তরে ৭১ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার আশা প্রকাশ করেছে এনসিটিবি।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এই কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড মুদ্রণ ও বাঁধাই থেকে বিরত থাকতে বলা হয়েছে।