আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, সঙ্গী হাতিটি পাশে রয়েছে
আহত সঙ্গীর পাশে সার্বক্ষণিক অবস্থান করছে আরেকটি হাতি
কক্সবাজার জেলা প্রতিনিধি · টেকনাফ, কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। আজ সোমবার সকাল ছয়টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটিকে লোকালয়ে নেমে আসতে দেখা যায়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাতি দুটিকে জাহাজপুরা এলাকায় পাশাপাশি অবস্থান করতে দেখা গেছে। হাতি দুটির বয়স ১৫ থেকে ২০ বছর এবং আহত মাদি হাতির পেছনের ডান পায়ের চামড়া উঠে গিয়ে রক্ত ঝরছে।
বিজ্ঞাপন
বনকর্মী ও স্থানীয় লোকজনের ধারণা, পাহাড়ের মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের সদস্যদের ছোড়া গুলিতে হাতিটি আহত হতে পারে। যদিও বাহারছড়ার শিলখালী বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, গুলিতে আঘাত লেগেছে কি না তা নিশ্চিত নয়। তিনি বলেন, 'স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আহত হাতিটিকে দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আহত হাতির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা হাতির আক্রমণের শিকার না হন, সে জন্য সেখানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। লোকজনকেও সতর্ক করা হচ্ছে।'
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল থেকে আহত মাদি হাতিটির পাশে সঙ্গী হাতিটি অবস্থান করছে এবং তাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ছে না। মাদি হাতিটি চলাচলে কষ্ট পেলে সঙ্গী হাতিটি তার পাশে দাঁড়িয়ে থাকছে। গত কয়েক দিন ধরে বাহারছড়া, জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে।