নোয়াখালীর মিছিলের পর গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল হামলা ও অগ্নিকাণ্ড
নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
নোয়াখালী জেলা প্রতিনিধি · বেগমগঞ্জ, নোয়াখালী
প্রকাশ:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কার্যালয়ের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কেউ হতাহত হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দুটি জানালা, একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।