নোয়াখালীতে বন্ধুসভার উদ্যোগে ‘বন্ধু পাঠাগার’ স্থাপন
মাইজদী বার্লিংটন মোড়ে ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে দুই শতাধিক বই নিয়ে যাত্রা শুরু করল এই পাঠাগার।
নোয়াখালী জেলা প্রতিনিধি · নোয়াখালী
প্রকাশ:
তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তোলা এবং বই পড়ার অভ্যাস তৈরির প্রত্যয়ে নোয়াখালীতে ‘বন্ধু পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। গত ২৯ অক্টোবর বিকেলে মাইজদী বার্লিংটন মোড়ে সোফিয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইয়ুথ ভলান্টিয়ার একাডেমি সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, সেই প্রাঙ্গণেই পাঠাগারটি স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
পাঠাগারটিতে বন্ধুসভার পক্ষ থেকে বিজ্ঞান, ইতিহাস, মুক্তিযুদ্ধ, গোয়েন্দা সিরিজ, উপন্যাস এবং ছোটদের উপযোগী ছড়াসহ দুই শতাধিক বই প্রদান করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগটি তরুণদের জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার বিকাশে ভূমিকা রাখবে। এখানে শিশুদের মনন বিকাশের জন্য বিশেষভাবে আকর্ষণীয় গল্পের বইও রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘বই মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। বই পড়ার মাধ্যমে মানুষ শুধু জ্ঞান অর্জন করে না, নিজের চিন্তা, বিবেক ও মানবিক মূল্যবোধকেও সমৃদ্ধ করে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে ও মাদক-মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের পাঠাগার সমাজে আলো ছড়াবে।’
নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা মাহফুজুর রহমান বলেন, ‘পাঠাগার কেবল বই সাজিয়ে রাখার জায়গা নয়; এটি মূলত জ্ঞান, মুক্তচিন্তা ও মানবিকতা চর্চার এক উন্মুক্ত কেন্দ্র। আমরা চাই, “বন্ধু পাঠাগার” তরুণদের নিয়মিত বই পড়তে উৎসাহিত করবে এবং তাদের মধ্যে ইতিবাচক চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে।’
নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ জানান, ইতিবাচক সমাজ গঠন ও বই পড়ার টেকসই সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক সানি তামজীদ জানান, পাঠাগারটিকে প্রাণবন্ত রাখতে প্রতি মাসে পাঠচক্র, সাহিত্য আড্ডা ও সেরা পাঠক নির্বাচনের মতো প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির পরিচালক দুর্জয় ভৌমিক বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আমাদের এই চলমান প্রচেষ্টায় বন্ধুসভার মতো একটি সক্রিয় ও ইতিবাচক সংগঠনকে সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির শিক্ষা উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে এমন একটি সমৃদ্ধ পাঠাগার স্থাপন করায় নোয়াখালী বন্ধুসভাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এক নতুন মাত্রা যোগ করবে।’
অনুষ্ঠানে নোয়াখালী বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক আরাফাত শিহাব, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ, বন্ধু সাকিব, সাইফুল শিহাবসহ ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।