পটুয়াখালীর যে সেতুটি ১০ বছর ধরে ভাঙা
সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়রা
পটুয়াখালী জেলা প্রতিনিধি · দশমিনা, পটুয়াখালী
প্রকাশ:
পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত একটি সেতু প্রায় ১০ বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে। দশমিনা উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় অবস্থিত এই সেতুটি দুই পাড়ের ১০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। সেতুটি ভেঙে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ডিঙিনৌকায় নদী পারাপার হচ্ছেন।
বিজ্ঞাপন
সেতুটির পূর্ব প্রান্তে বেতাগী শরিয়াতিয়া দাখিল মাদ্রাসা এবং পশ্চিম প্রান্তে খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের মধ্যে ছয় শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ পারভেজ ও মুনিয়া জানায়, প্রতিদিন ছোট নৌকায় নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। বর্ষার সময় নৌকায় নদী পার হতে ভয় লাগে।
স্থানীয়দের ভাষ্যমতে, সেতুটি অকেজো হয়ে পড়ায় এলাকার শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ৭৫ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই সেতুটি সচল থাকাকালীন পিকআপ ভ্যান, মাইক্রোবাস, টমটম, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করত। এখন এসব যানবাহনকে সাত কিলোমিটার ঘুরে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে নদীতে স্রোত বাড়লে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, সেতুটির মাঝখানের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে যাওয়ায় ইউনিয়নের ৮০ শতাংশ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বাইরে থেকে আসা ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রেও ব্যাপক কষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. শুভ মিয়া দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দশমিনা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছিল। ২০১৬ সালের ১৪ ডিসেম্বর বালুবোঝাই একটি কার্গো সেতুর সঙ্গে ধাক্কা লাগলে এর মাঝখানের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। সেই দুর্ঘটনায় চার শিশুসহ পাঁচজন নদীতে পড়ে যান এবং রফাতুল আলমের পাঁচ বছর বয়সী শিশু নুরসাত জাহান মারা যায়। এলজিইডির দশমিনা উপজেলা কার্যালয়ের প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এ টি এম সাদিকুর রহমান জানান, ভাঙা সেতুটি নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।