চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানে ১০ জেলে আটক
অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নৌ পুলিশ
চাঁদপুর জেলা প্রতিনিধি · মতলব উত্তর, চাঁদপুর
প্রকাশ:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
বিজ্ঞাপন
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে মাছ শিকারের সময় ছয়জনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারির জাল জব্দ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। কালিরচরা, ষাটনল ও বাহাদুরপুর-সংলগ্ন মেঘনা নদীতে চালানো এই অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৭০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
অভিযান শেষে মোট ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই, ৫০ মিটার মশারির জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। তাঁদের বুধবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।