লন্ডনে নাহিদের সংবর্ধনায় অংশ নিতে ফেসবুকের তথ্য বাধ্যতামূলক
নিবন্ধনকারীদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংক ও সদস্যপদের তথ্য বাধ্যতামূলক করায় উঠেছে প্রশ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধনকারীদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। আগামী ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডের ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ‘বিপ্লবী গণসংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিবন্ধনকারীদের ফেসবুক প্রোফাইল লক করা কিংবা সীমাবদ্ধ থাকলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে এবং আবেদনকারী এনসিপির যুক্তরাজ্য শাখার সদস্য কি না, সেটিও বাধ্যতামূলকভাবে জানাতে হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে যোগ দিতে দলটির যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ncp.org.uk-এ নাম, ই-মেইল ও ফোন নম্বরসহ নিবন্ধন করতে হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু নিবন্ধন করলেই প্রবেশ নিশ্চিত হবে না; কমিটির পাঠানো নিশ্চয়তাকরণ ই-মেইল প্রদর্শন করা বাধ্যতামূলক। এই ধরনের তথ্য সংগ্রহ যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক বলেন, “অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিবন্ধন চালু করা হয়েছে।” তিনি আরও বলেন, “অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের বিষয়ে তাঁরা সচেতন এবং উত্থাপিত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে নিবন্ধনব্যবস্থা পর্যালোচনা করা হবে।” তবে সংগৃহীত ডেটা কতদিন সংরক্ষণ করা হবে বা ফেসবুক প্রোফাইলের তথ্য কীভাবে যাচাই হবে, তা স্পষ্ট নয়।
যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আর্টিকেল ৫(১)(সি) অনুযায়ী ‘ডেটা মিনিমাইজেশন’ নীতি অনুসরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত তথ্য সংগ্রহ করা যাবে না। এছাড়া আর্টিকেল ৯ অনুযায়ী রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য ‘বিশেষ শ্রেণির তথ্য’ হিসেবে গণ্য হয়, যা প্রক্রিয়াকরণে কঠোর শর্ত রয়েছে। এসব আইনি মানদণ্ড এই নিবন্ধন প্রক্রিয়ায় মানা হচ্ছে কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
গত ৯ নভেম্বর লন্ডনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে গিয়েছেন। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তর, মানবাধিকার এবং গণহত্যার বিচারের বিষয়গুলো এসব বৈঠকে প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে এহতেশামুল হক ছাড়াও এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হক উপস্থিত ছিলেন।