গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিক সরাতে পুলিশের লাঠিপেটা
শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে
গাজীপুর জেলা প্রতিনিধি · কালিয়াকৈর, গাজীপুর
প্রকাশ:
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে মোট ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও পাঁচটি কারখানায় আজ রোববারের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।
বিজ্ঞাপন
আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি। বর্তমানে শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আজ এক নোটিশে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়। নোটিশে উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে মজুরি সংক্রান্ত বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরও বহিরাগতদের প্ররোচনায় বিক্ষুব্ধরা কারখানায় ঢুকে ভাঙচুর চালায়, যাতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং অনেকে আহত হন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী এই কার্যক্রম বন্ধ করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ মোট ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।