নদীর বুকে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর রুটে লঞ্চে দিনব্যাপী আয়োজিত মিলনমেলায় অংশ নেন ১ হাজার ১৫০ জন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর মোহনা হয়ে পুনরায় সদরঘাট নৌপথে গত শুক্রবার বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। 'এসো মিলি জলধারায় ২.০' শিরোনামের এই আয়োজনে সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 'বন্ধুত্বে গড়ি স্বপ্ন' স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ভোর থেকেই প্রিন্স আওলাদ-৭ লঞ্চে বন্ধুদের ভিড় জমে। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি ও যুগ্ম সম্পাদক সায়মন চৌধুরী। বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমীর সঞ্চালনায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘প্রথম আলোর একটাই এজেন্ডা—বাংলাদেশের জয়। আর প্রথম আলো বন্ধুসভা হচ্ছে ভালোর সংগঠন।
একটা করে ভালো কাজ করেই থেমে থাকে না; সারা জীবন একটার পর একটা ভালো কাজ করতে থাকে।’ অনুষ্ঠানে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর, মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, প্রশাসন বিভাগের প্রধান এ বি এম খায়রুল কবীর, তথ্যপ্রযুক্তি বিভাগের পল্লব মোহাইমেন ও বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক বক্তব্য দেন। প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক ফাহিম রহমান বলেন, ‘বন্ধুসভার এই আনন্দ আয়োজনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা বন্ধুসভার পাশে থাকতে চাই।’
মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সেশন পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের যুগ্ম সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা এবং বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক। আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি বন্ধুসভাকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে 'সহমর্মিতার ঈদ' ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, দিনাজপুর, শেরপুর, পটিয়া, চট্টগ্রাম, ভৈরব, জামালপুর, ঠাকুরগাঁও ও কাতার বন্ধুসভা সেরা নির্বাচিত হয়েছে। 'বৃক্ষরোপণ' ক্যাটাগরিতে সেরা হয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, ময়মনসিংহ, পাবনা, সিলেট, নোয়াখালী, কয়রা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাগেরহাট ও কিশোরগঞ্জ বন্ধুসভা।
এছাড়া বছরব্যাপী কাজের ভিত্তিতে 'বর্ষসেরা ১০' হয়েছে খুলনা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, জামালপুর, ভৈরব, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বন্ধুসভা। 'একটি ভালো কাজ' কর্মসূচিতে সেরা হয়েছে রাউজান, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, মুরারিচাঁদ কলেজ, রংপুর, সাভার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ ও সৈয়দপুর বন্ধুসভা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা, গেমস শো ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রবাসী পল্লী গ্রুপ এবং বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের সহায়তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।