কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে ৭৭ বছর বয়সে মারা গেছেন এই লেখক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। পূরবী বসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন পূরবী বসু। তিনি ১০ বছরের বেশি সময় ধরে পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর হাঁটাচলার ক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। জ্যোতিপ্রকাশ দত্ত জানান, জীবনের শেষ মাসগুলোতে তিনি ফ্লোরিডার বাসভবনে বাগান পরিচর্যা করে সময় কাটাতেন। মৃত্যুর সময় তাঁর পাশে স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত, মেয়ে জয়িশা দত্ত ও ছেলে দীপন দত্ত উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক শেষ করে তিনি পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি কর্নেল ইউনিভার্সিটি ও নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশে বেক্সিমকো ও ব্র্যাকেও তিনি কাজ করেছেন।
বিজ্ঞানী হিসেবে পরিচিতি থাকলেও তিনি নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নারীর অধিকার তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যেকোনো মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই তাঁর গল্পের প্রেরণা হয়ে উঠতে পারে। তাঁর গল্পগ্রন্থগুলোর মধ্যে ‘আজন্ম পরবাসী’, ‘জোছনা করেছে আড়ি’ ও ‘দিনরাত্রির ছায়াঘর’ উল্লেখযোগ্য। এছাড়া ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’ এবং ‘আমার এ দেহখানি’ তাঁর লেখা গুরুত্বপূর্ণ বিজ্ঞানবিষয়ক গ্রন্থ।
অসাম্প্রদায়িক চেতনার ধারক পূরবী বসু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। প্রবাসে সাহিত্যচর্চার প্রসারে তিনি স্বামী জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন ‘বিশ্ব বাঙলা সাহিত্য সমাবেশ’। এর আগে নিউইয়র্কে থাকাকালীন অভিবাসী বাঙালি লেখকদের নিয়ে মাসিক সাহিত্য সভার আয়োজন করতেন তাঁরা, যা থেকে আজকের অনেক প্রথিতযশা লেখকের উত্থান ঘটেছে।