শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রিজভী
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
রিজভী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তাঁরা বুক চিতিয়ে লড়াই করেছেন। তিনি উল্লেখ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তাঁদের মাথা নত করানো যায়নি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।