আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে: বিদ্যুৎমন্ত্রী
ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আদানির বিদ্যুতের খরচ কমানোর জন্য আলোচনা চলমান রয়েছে। তিনি বলেন, একটি প্রতিনিধিদল ভারতে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে দৈনিক পত্রিকা বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী উল্লেখ করেন যে, সার্বভৌম গ্যারান্টি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চুক্তি করা হয়েছে এবং এই গ্যারান্টি বাতিল করা সম্ভব নয়। তবে চুক্তি নিয়ে দর-কষাকষি করা যেতে পারে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে এবং বেশি কিছু করতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আবারও আন্দোলন শুরু হতে পারে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে নিয়মিত জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং এলএনজি টার্মিনালে আগুন লাগার ফলে শিল্পে গ্যাসের সংকট সৃষ্টি হয়েছিল। খোলাবাজার থেকে ১২ ডলারের এলএনজি ৩১ ডলারে কিনতে হয়েছে। বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে এবং লোডশেডিং নেই বলে তিনি দাবি করেন।
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম সম্মেলনে বলেন, গরমের সময় এসি ও ফ্যান ব্যবহারের ফলে কুলিং লোডের কারণে বিদ্যুতের সংকট বাড়ে। সাশ্রয়ী এসি ও ফ্যান ব্যবহারের মাধ্যমে তিন হাজার মেগাওয়াট চাহিদা কমানো সম্ভব বলে তিনি মত দেন। এর জবাবে মন্ত্রী বলেন, গত গ্রীষ্মে সর্বোচ্চ চাহিদা ছিল ১৮ হাজার মেগাওয়াট। রাত ১২টার পরও ব্যাটারি রিকশার কারণে বাড়তি চাহিদা থাকে এবং চোরাই লাইনের কারণে সিস্টেম লস বাড়ছে।
মন্ত্রী জানান, গ্যাসের অভাবে বসে থাকা কেন্দ্রগুলো এলএনজি দিয়ে চালানোর চিন্তা করা হচ্ছে, এতে চার হাজার মেগাওয়াট উৎপাদন বাড়বে। আগামী গ্রীষ্মের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ আসছে, তবে স্মার্ট গ্রিড না থাকায় ঝুঁকি থেকে যায়। সঞ্চালন লাইনের কাজ চলছে এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।
বিজ্ঞাপন
আমেরিকান চেম্বারের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রামে এখনো ১২ ঘণ্টা লোডশেডিং রয়েছে। তিনি জ্বালানিসংকট দূর করতে এনার্জি রোডম্যাপ ঘোষণার দাবি জানান। এলপিজির দামের বিষয়ে মন্ত্রী বলেন, এলপিজি আমদানি করে বেসরকারি খাত এবং বিইআরসি দাম নির্ধারণ করে। এতে সরকারের ভূমিকা নেই। তিনি মধ্যস্বত্বভোগীদের এড়াতে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে এলপিজি পৌঁছানোর পরিকল্পনার কথা বলেন।
দেশের জ্বালানি পরিকল্পনার বিষয়ে মন্ত্রী জানান, কক্সবাজারের ইনানীতে ১৫ দিনের বেশি সময় ধরে আগুন জ্বলছে, যেখানে গ্যাসের সম্ভাবনা থাকায় অনুসন্ধান করা হবে। এছাড়া সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে দরপত্র প্রক্রিয়া চলছে। কূপ খননের ফলাফল ভালো পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ফুলবাড়ীতে প্রচুর কয়লা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে হবে। তিনি বলেন, ‘জার্মানি এখনো কয়লাবিদ্যুৎ চালাচ্ছে, আমেরিকা নতুন করে কয়লায় যাচ্ছে। এটা সস্তা, আমাদের করতেই হবে। আর এখন উন্নত প্রযুক্তি আছে, পরিবেশের অত দূষণ করে না। তা ছাড়া পরিবেশের নাম করে বেকারত্ব বাড়িয়ে তো লাভ নেই।’ কয়লাখনির মুখেই বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা এবং তিন মাসের মধ্যে কয়লার দরপত্র প্রক্রিয়া নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তিনি জানান।