গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন বিএনপির নেতা বাবুল
এক বছরের চুক্তিতে গ্রেড-২ পদে নিয়োগ পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা
নিজস্ব প্রতিবেদক · গাজীপুর
প্রকাশ:
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গ্রেড-২ পদমর্যাদায় চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশে আরও বলা হয়েছে, তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রে নির্ধারিত থাকবে। দায়িত্ব পাওয়ার পর কাজী ছাইয়েদুল আলম বলেন, 'প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, আবাসনব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে তিনি কাজ করবেন।'