গাজীপুরে সিলিন্ডার লিকেজে দগ্ধ চার
গাজীপুরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আটটা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডে ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হওয়ার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তালহা বিন জসিম আরও জানান, দগ্ধদের মধ্যে ১৮ বছর বয়সী আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের শরীরের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে। আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের তথ্যানুযায়ী, আবদুল্লাহ ও আহাদকে হাসপাতালের এইচডিইউতে রাখা হয়েছে এবং নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন।