গাজীপুরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল স্টেশন পার হওয়ার সময় এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে।
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার কিছুক্ষণ পরই আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা এবং এতে কোনো রেলকর্মী বা যাত্রী হতাহত হননি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেল সংশ্লিষ্টরা জানান, ট্রেনটি পূবাইল স্টেশন ছেড়ে কিছুটা সামনে এগোতেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং পরে আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে চালক ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ট্রেনটি বর্তমানে গাজীপুরের পূবাইলের করমতলা এলাকায় অবস্থান করছে এবং ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার অপেক্ষায় আছে। বর্তমানে ওই রেলপথে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
রেল সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।