পল্লবীতে দুই ভাড়াটের বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
মিরপুরের আদর্শ স্কুলের পেছনের বাসায় শনিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর পল্লবীতে শৌচাগার ব্যবহার নিয়ে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন এবং স্ত্রী আরজু বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে এবং বাবার নাম মাইনুর রহমান।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সাকিব জানান, বাসার ভেতরে বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটে নারীর মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে আনোয়ারের সঙ্গে অপর ভাড়াটে নারী, তাঁর ছেলে আরিফ ও আরও কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা আনোয়ারকে মারধর শুরু করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মারাত্মক জখম করেন।
রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি পল্লবী থানাকে জানানো হয়েছে।