মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করেছে কুয়ালামপুর।
আন্তর্জাতিক ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফর করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
কুয়ালামপুর থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরটি স্থগিত করতে মালয়েশিয়া গত শুক্রবার বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায়। চিঠিতে জানানো হয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের নতুন দিনক্ষণের বিষয়ে বাংলাদেশকে পরে জানাবে।
গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল। এছাড়া মালয়েশিয়ার জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি মতপার্থক্যের কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যার ফলে আনোয়ার ইব্রাহিমের জোট সরকার রাজনৈতিক সংকটে পড়েছে।
আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুন মাসে মালয়েশিয়া সফর করেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর।