ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার
পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসক রাশিদুল হাসানকে
পাবনা জেলা প্রতিনিধি · সাঁথিয়া, পাবনা
প্রকাশ:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বারে রোগী দেখার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি নিয়মিত ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানা-পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাঁকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয় এবং আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।