মোহাম্মদপুরে তূর্যর দাফন, মায়ের প্যারোল আবেদন করা হয়নি: ডিসি
গাজীপুরের জেলা প্রশাসক জানান, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি।
গাজীপুর জেলা প্রতিনিধি · গাজীপুর
প্রকাশ:
নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ১১টার দিকে তূর্যর মৃত্যু হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী মায়ের সাথে শেষবারের মতো দেখা করানোর জন্য শনিবার দুপুরে তার মরদেহ ওই কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
তূর্যর মৃত্যু ও তার মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া জানান, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি। পরিবারের পক্ষ থেকেও প্যারোলের আবেদন না করার কথা জানানো হয়েছে। তূর্যর বাবা শাহাদাৎ হোসেন নিপু জানান, ডিসেম্বর মাস পর্যন্ত আসামিদের কারাগারের বাইরে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির কথা বলে তাঁদের প্যারোলের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছিল।
কারাগারে মরদেহ পৌঁছালে শারমিন সুলতানাকে সন্তানকে দেখার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়। শাহাদাৎ হোসেন নিপু বলেন, ‘সে সময় তূর্যর মরদেহ জড়িয়ে ধরে কান্না করছিল তার মা। আর আক্ষেপ করে বলছিল, “আমাকে ছাড়া তোমরা কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারলে না”।’ তূর্যর খালা শাম্মী জানান, জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তূর্য এবং তার শরীরে চোখসহ ১০ থেকে ১২টি অস্ত্রোপচার করা হয়েছিল। তার বোন ২০২২ সাল থেকে অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য রাজনীতি থেকে সরে গিয়েছিলেন বলেও তিনি জানান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছিলেন শারমিন সুলতানা, পরে তাঁকে সন্তানকে দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। পুলিশ জানায়, শারমিন সুলতানা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। পরিবারের অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে এবং গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।