চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · রাউজান, চট্টগ্রাম
প্রকাশ:
চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এই অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বারবার দাবি তুলে ধরলেও সংকটের সমাধান হয়নি। তাঁরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নিতে নারাজ এবং দ্রুত সমস্যার সমাধান করে ক্লাসে ফিরতে চান। এর আগে গত ২১ সেপ্টেম্বর উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আবির সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘অনেকে বলতে চাইছেন, আমাদের এই আন্দোলন সরকারবিরোধী। কিন্তু আমরা দীর্ঘ প্রায় ৭০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই উপাচার্যকে মানি না।
তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন খুনি ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগকে সঙ্গে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা সহিংসতা চাই না। আপনারা দ্রুত এই সংকটের সমাধান করুন।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকারের সংকটের বিষয়টি বুঝতে পারছি।
খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য আপনারা একটি সংকটময় মুহূর্ত পার করছেন। তাই আমরা নতুন করে কোনো সংকট সৃষ্টি করতে চাই না। আপনারাও আমাদের সংকটটি বুঝুন এবং এর সমাধান করুন।
বিজ্ঞাপন
জুলাইয়ের চেতনায় আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’
আবদুল্লাহ আবির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই সংকটের সমাধান একটাই—অধ্যাপক শরীফুল আলমকে আমরা উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য একজন উপাচার্য নিয়োগ দিতে হবে। অন্যথা এই সংকটের সমাধান সম্ভব নয়।’ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাকিবুর রাজ্জাক প্রান্ত বলেন, ‘আমরা এখনো পূর্ণ শক্তি নিয়ে আন্দোলন করিনি। আজ অর্ধবেলা সড়ক অবরোধের কর্মসূচি ছিল। কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে দীর্ঘ সময় অবরোধ করিনি। স্বল্প সময়ের জন্য করেছি। আমরা ভাবিনি, ২০২৪ সালের পরও আমাদের এভাবে হেয় করা হবে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুত আমাদের দাবি মেনে নিন।’
সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ ও ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন। গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরপর বুধবার রাতে শিক্ষার্থীরা পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন।