ট্রাক ফুটপাতে উঠে বৈদ্যুতিক খুঁটি বিচ্ছিন্ন, বন্ধ যান চলাচল
বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশে বুধবার রাত ৯টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের ফুটপাতে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে যায় এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
এই দুর্ঘটনার ফলে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সড়কের অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ থাকা অংশে যান চলাচল শুরু হয়নি।
ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) রক্তিম আহমেদ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটির সঙ্গে বৈদ্যুতিক তারও সড়কে ছড়িয়ে পড়ায় ওই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রক্তিম আহমেদ আরও বলেন, সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি ও তার সরানোর কাজ করছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কখন ওই পাশে যান চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।