সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার ধরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে
সিলেট জেলা প্রতিনিধি · দক্ষিণ সুরমা, সিলেট
প্রকাশ:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাবিবুর রহমান সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক এমপি।
বিজ্ঞাপন
হাবিবুর রহমানের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ব্যক্তি বাড়িতে এসে ড্রয়িং রুম ভাঙচুর করেন এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মাটিতে পড়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক রয়েছেন। বর্তমানে বাড়িতে তত্ত্বাবধায়ক ও স্বজনেরা বসবাস করেন। ঘটনার একাধিক ভিডিও চিত্রে বাড়ির উঠানে চেয়ারে আগুন জ্বলতে এবং রাস্তার ওপর মোটরসাইকেলে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে।
স্থানীয় একাধিক সূত্র দাবি করছে, শনিবার ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জের ধরে এই অগ্নিসংযোগ হতে পারে। তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানিয়েছেন, এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।