নেত্রকোনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও চার বাড়িতে অগ্নিসংযোগ
পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলার জেরে সাবেক সংসদ সদস্যসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নেত্রকোণা জেলা প্রতিনিধি · পূর্বধলা, নেত্রকোণা
প্রকাশ:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় শনিবার রাত আটটার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে একদল নেতা-কর্মী রেলক্রসিং এলাকা থেকে বের হয়ে বিশকাকুনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান। পুটিকা বাজারে গিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন, যার জেরে আবু বকর রানাকে কুপিয়ে জখম করা হয়।
বিজ্ঞাপন
আহত আবু বকর রানাকে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই হামলার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেন। এরপর নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে আহমদ হোসেনের বড় ভাই ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেনের বাবা আমজাদ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
রাত পৌনে ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাদে পুটিকা গ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এছাড়াও বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এসব ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।