নাটোরে ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর
শহরের ভবানীগঞ্জ মোড়ে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।
নাটোর জেলা প্রতিনিধি · নাটোর
প্রকাশ:
শনিবার ভোরে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, ভোর পৌনে চারটার দিকে স্থানীয়রা স্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্তম্ভটি ধোঁয়ায় আচ্ছন্ন অবস্থায় দেখতে পায়।
বিজ্ঞাপন
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্মৃতিস্তম্ভটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
এই ঘটনার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস চালাচ্ছেন। তাদের সম্মিলিতভাবে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।
মিছিলের কিছুক্ষণ পর দুপুর পৌনে ১২টার দিকে শহরের হরিশপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা সভাপতি রিয়াজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা এই ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুইহাটি এলাকায় রিয়াজুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল হয়েছিল।
বাড়িতে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, আগুনসন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে সাধারণ মানুষ এ ঘটনা ঘটাতে পারে। তবে ওসি মনসুর রহমান জানান, বাড়িঘর ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।