নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিলের হত্যার মামলায় প্রবাসীর ভাঙচুর করা শপিংমল ব্যবস্থাপক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ীর মালিকানাধীন শপিংমলের ব্যবস্থাপক আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ
নাটোর জেলা প্রতিনিধি · গুরুদাসপুর, নাটোর
প্রকাশ:
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আবদুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের মালিকানাধীন চাঁচকৈড় বাজারের ‘এন জে টপ ম্যান’ শপিংমলের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। গত মঙ্গলবার রাতে ওই শপিংমল থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
তদন্তকারী কর্মকর্তার সূত্রে জানা যায়, গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। ২৭ অক্টোবর শাকিলের জানাজা শেষে চাঁচকৈড় বাজারে অবস্থিত ওই শপিংমলে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। পরে মেরামত শেষে প্রতিষ্ঠানটি আংশিক চালু করা হলে সেখান থেকেই ব্যবস্থাপক আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাকিল ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় ১৯ অক্টোবর তাঁর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২৬ অক্টোবর রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
পুলিশ জানায়, এই হত্যা মামলায় এর আগে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শাকিলের মৃত্যুর রাতেই তাঁকে গ্রেপ্তারের পর প্রথমে তিন দিন ও পরে আরও দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নূরুজ্জামান রিমান্ডে থাকা অবস্থায় ডিবি আল আমিন হোসেন ও আনিসুর রহমান নামের আরও দুই ব্যবসায়ীকে আটক করে, যারা বর্তমানে কারাগারে আছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শাকিল হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে সন্দেহ করা হয়েছে এবং সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।