সীতাকুণ্ডে গ্যাস কারখানায় হানা, লুট আড়াই টন তামার তার
বোরকা পরে কারখানায় ঢুকে টাকা ও মালামাল লুট করে ডাকাত দল
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় হানা দিয়ে ডাকাত দল টাকা ও আড়াই টন তামার তার লুট করে নিয়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজ্ঞাপন
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে ছয় ব্যক্তি গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে কারখানার কার্যালয়ে প্রবেশ করেন। এদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ ও শিল্প পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে বোরকা পরিহিত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে। তিনি বলেন, 'অন্য ডাকাতির ঘটনার মতো ইউরো গ্যাস কারখানার ডাকাতির ঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।'
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি জানান, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মিটার তামার তার নিয়ে গেছে, যার ওজন প্রায় আড়াই টন। কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান জানান, তারা থানায় মামলা করার প্রক্রিয়া চালাচ্ছেন এবং লুট হওয়া মালামালের চূড়ান্ত হিসাব করা হচ্ছে।