মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু
দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে মদ্যপানের পর অসুস্থ হয়ে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।
মাগুরা জেলা প্রতিনিধি · শ্রীপুর, মাগুরা
প্রকাশ:
মাগুরায় মদ্যপানের পর অসুস্থ হয়ে আলমগীর লস্কর (৪০) ও বিধান বিশ্বাস (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার সকালের দিকে তাঁদের মৃত্যু হয়। মৃত আলমগীর লস্কর শ্রীপুর উপজেলার মোকর্দমখোলা গ্রামের বাসিন্দা এবং বিধান বিশ্বাস গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত বুধবার দুর্গাপূজায় বিজয়া দশমীর রাতে তাঁরা ভিন্ন ভিন্ন স্থানে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। অসুস্থ বোধ করলে আলমগীরকে বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন এবং গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকাল সাতটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান বিশ্বাস মদ্যপানের পর অসুস্থ হয়ে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিধানের কাকি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন এবং শরীরে অতিরিক্ত যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও মামুনুর রশিদ বলেন, “হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন মারা গেছেন। তাঁর অ্যালকোহল বিষক্রিয়া হয়েছিল। আর সকালে যিনি মারা গেছেন, তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। দুটি বিষয়ই আমরা পুলিশকে জানিয়েছি।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।