হরমুজ প্রণালিতে সাত জাহাজে আগুন, ইরানের হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলার দায় স্বীকার করল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
হরমুজ প্রণালিতে একদিনের ব্যবধানে সাতটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ইরান এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি জাহাজের মধ্যে তিনটি নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি চারটি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের দাবি, এই জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এবং ওয়াশিংটনের উৎসাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। এই নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করাকেও যুদ্ধের শামিল হিসেবে দেখা হবে। হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সময়ও হামলা চালানোর হুমকি দিয়ে আইআরজিসি জানিয়েছে, এসব জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র উৎসাহ ও সহায়তা দিচ্ছে এবং পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, শিগগিরই আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানেও সেই আশঙ্কার প্রভাব পড়ছে এবং দেশটি সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে, যেকোনো হামলার জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।