কুড়িগ্রামে নাতির হাতে দাদা খুনের অভিযোগ
উলিপুরে ভাতিজার বাড়ি থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি · উলিপুর, কুড়িগ্রাম
প্রকাশ:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পন্ডিতপাড়া এলাকায় এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে নিজ ভাতিজা মিঠু মিয়ার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামের ওই ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্দিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে বেড়াতে এসে হত্যাকাণ্ডের শিকার হন বাচ্চু মিয়া। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে সন্দেহজনক ৪জনকে জিজ্ঞাসাবাদে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করছে। আশা করি আগামীকালের মধ্যে একটি তথ্য বের করা সম্ভব হবে।” প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং স্থানীয়দের ভাষ্যমতে নাতি দাদাকে হত্যা করে পালিয়ে গেছে।