কুড়িগ্রামে চুইঝালের মুড়িমাখা ব্যবসায় পাঁচ বন্ধুর উদ্যোক্তা হওয়ার গল্প
২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসায় দৈনিক বিক্রি প্রায় ১০ হাজার টাকা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি · রাজারহাট, কুড়িগ্রাম
প্রকাশ:
পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজেরাই কর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন কুড়িগ্রামের পাঁচ বন্ধু। গত অক্টোবরের শুরুতে ২০ হাজার টাকা পুঁজি নিয়ে তাঁরা রাজারহাট বাজারে ‘চুইঝালের মুড়িমাখা’র ব্যবসা শুরু করেন। নুর আলম, নাহিদ হাসান, আলামিন, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ নামের এই পাঁচ বন্ধু উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে নুর আলম ও নাহিদ হাসান কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর এবং অন্য তিনজন রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
উদ্যোক্তারা জানান, প্রতিদিন বিকেলে রাজারহাট বাজারের রেললাইনের পাশে তাঁরা মুড়িমাখা বিক্রি করেন। বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলে তাঁদের এই কার্যক্রম। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়ি বিক্রি হয়, যেখান থেকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাভ থাকে। দৈনিক গড়ে ৫০০ জন ক্রেতা তাঁদের দোকানে মুড়িমাখা কিনতে আসেন এবং প্রতিদিন ২৩ থেকে ২৫ কেজি মুড়ির প্রয়োজন হয় তাঁদের।
ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে উদ্যোক্তা নুর আলম বলেন, ‘আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। তাই নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা করা ও পরস্পরকে ব্যবসায়ী সহযোগী হিসেবে বোঝার জন্য আপাতত এই উদ্যোগ নিয়েছি।’ মনির হোসেন জানান, প্রত্যেকে চার হাজার টাকা করে মোট ২০ হাজার টাকায় তাঁরা যাত্রা শুরু করেছেন এবং এই আয় দিয়ে নিজেদের খরচের পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছেন।
চুইঝালের স্বাদ ও রসুনের ঘ্রাণের কারণে এই মুড়িমাখা স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পরিবেশনের ক্ষেত্রে তাঁরা ফুড গ্রেড পেপার ব্যবহার করেন। নাহিদ হাসান বলেন, ‘আমাদের এলাকায় চুইয়ের চাষ হয়। কিন্তু এখানকার মানুষ সেভাবে চুই খায় না। এসব চুই দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। আমরা চুইঝাল দিয়ে মুড়ি মেখে একটু স্বাদের ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের এই উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন।’
ফেরদৌস আহমেদ বলেন, ‘আমাদের এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।’ এ বিষয়ে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ বলেন, পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করার এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আরও জানান, এই যুবকেরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কোনো প্রতিষ্ঠান করতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া হবে।