ইমরান খান ও তার প্রেমিকা মুক্তি পেয়েছেন

ইমরান খান ও তার প্রেমিকা মুক্তি পেয়েছেন

মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি। শনিবার তাদের আটক করা হয়েছিল। মুক্তির পর…

মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি। শনিবার তাদের আটক করা হয়েছিল। মুক্তির পর তারা নিরাপদে বাড়ি ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা সেখানে জমায়েত হয়েছিলেন।

শনিবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ইমরান, লেখা ও জায়েনকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। এরপর তাদের কোথায় রাখা হয়েছে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।

মুক্তির পর বাড়ি ফিরতে বাধার অভিযোগ

শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও রিল প্রকাশ করে মুক্তির কথা জানান লেখা ওয়াশিংটন। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে তারা নিরাপদে বাড়ি ফেরার মুহূর্তটি তুলে ধরেন।

তবে মুক্তির পর বাড়ি ফেরার ক্ষেত্রে ক্যাব পেতে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ করেন লেখা। তিনি জানান, পুলিশের হুমকির ভয়ে ক্যাবচালকেরা তাদের নিতে রাজি হচ্ছিলেন না।

অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকার সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন জায়েন। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা না জানিয়ে তাদের ভ্যানে তোলা হয়।

ভ্যানের ভেতর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় জায়েনকে। একই সঙ্গে তিনি সিইসির পদত্যাগ দাবি করেন। তার সঙ্গে বাইরের কয়েকজন পথচারীকেও সুর মেলাতে দেখা যায়।

জায়েন আরও দাবি করেন, ইয়েলো গেট থানায় আটকের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। তারা বেরিয়ে আসতে চাইলে পুলিশ কর্মকর্তা তাদের অপেক্ষা করতে বলে ফোনে ব্যস্ত হয়ে পড়েন।

পুলিশের উদ্দেশে ইমরানের ‘জয় হিন্দ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো আরেকটি ভিডিওতে ইমরান বলেন, কোনো কারণ না জানিয়ে তাদের প্রায় দুই ঘণ্টা পুলিশ ভ্যানে ঘুরিয়ে রাখা হয়েছে। আটকের কারণ জানতে চাইলেও জবাব মেলেনি।

একপর্যায়ে ইমরান ও জায়েন পুলিশ কর্মকর্তাদের কাছে পুনরায় কারণ জানতে চাইলে কর্মকর্তারা না ডেকে সটকে পড়েন। তখন ইমরান তাদের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলে বিদায় জানান।

ভ্যানে বসে তোলা একটি ছবির ক্যাপশনে রসিকতা করে ইমরান লেখেন, ‘আপাতদৃষ্টিতে আমি গাড়িতে ঘুরতে বেরিয়েছি।’

চলচ্চিত্রের স্মৃতি ফিরিয়ে রসিকতা

আটক থাকা অবস্থায় নিজের জনপ্রিয় সিনেমা ‘জানে তু… ইয়া জানে না’-র চরিত্র টেনেও মজা করেন ইমরান।

কাজিন জায়েন তাকে প্রশ্ন করেন, তিনি কখনো ঘোড়ায় চড়েছেন কি না, জেলে গিয়েছেন কি না কিংবা কাউকে মারধর করেছেন কি না—যা ২০০৮ সালের ওই সিনেমার গল্পের সঙ্গে মিল রাখে। জবাবে ইমরান হাসতে হাসতে বলেন, তিনি ঘোড়ায় চড়েছেন, তবে কাউকেই মারধর করেননি। জেলে যেতে হবে কি না তা নিশ্চিত না হলেও বলেন, ‘হতেও পারে।’

অনুমতি ও বিক্ষোভ প্রসঙ্গে

মুম্বাই পুলিশ দাবি করেছে, আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের জন্য আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি। যদিও সিজেপির দাবি, তারা ইমেইলে আবেদনের অনুমতি চাইলেও পুলিশের পক্ষ থেকে কোনো জবাব মেলেনি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে মূলত এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ওঠে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। জানা গেছে, রাজধানী থেকে প্রায় চার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যাদের বড় অংশকে যন্তর মন্তরের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন