৩৬ বছরেও ত্বকে দ্যুতি, তামান্না ভাটিয়ার রূপচর্চায় রয়েছে মাত্র কয়েকটি উপাদান

৩৬ বছরেও ত্বকে দ্যুতি, তামান্না ভাটিয়ার রূপচর্চায় রয়েছে মাত্র কয়েকটি উপাদান

৩৬ বছর বয়সেও উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দামি কেমিক্যালযুক্ত প্রসাধনী কিংবা জটিল প্রক্রিয়ার বদলে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের ওপরই বেশি ভরসা করেন তিনি। আর তার এই অভ্যাসের শুরু মায়ের হাত ধরে। অভিনয়জীবনের শুরুর…

৩৬ বছর বয়সেও উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দামি কেমিক্যালযুক্ত প্রসাধনী কিংবা জটিল প্রক্রিয়ার বদলে ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের ওপরই বেশি ভরসা করেন তিনি। আর তার এই অভ্যাসের শুরু মায়ের হাত ধরে।

অভিনয়জীবনের শুরুর দিকে নিয়মিত মেকআপ, চুলের স্টাইলিং ও নানা প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকে দেখা দিত নানা সমস্যা। তখনই প্রাকৃতিক উপাদান ব্যবহারের পরামর্শ দেন তার মা।

২০২২ সালে ‘ভোগ ইন্ডিয়া’র একটি ভিডিওতে নিজের এই রূপচর্চার অভ্যাসের কথা জানিয়েছিলেন তামান্না। তিনি জানান, ছোটবেলা থেকে মেনে চলা কিছু ঘরোয়া পদ্ধতি এখনও তার প্রাত্যহিক রূপচর্চার অংশ। বিশেষ করে চন্দন, কফি, মধু, বেসন, দই ও গোলাপজলের মতো সহজলভ্য উপকরণ দিয়েই যত্ন নেন ত্বকের।

প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহার

তামান্নার মতে, সবার ত্বকের ধরন এক নয়। তাই ত্বকের প্রয়োজন বুঝেই রূপচর্চার উপকরণ বেছে নেওয়া জরুরি। কোনো উপাদান ব্যবহারের পর ত্বক শুষ্ক মনে হলে তাতে মধুর পরিমাণ বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

চন্দন, কফি ও মধুর স্ক্রাব

ত্বকের মৃত কোষ দূর করতে চন্দনের গুঁড়া, কফি ও মধু মিশিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করেন তামান্না। চোখের চারপাশ এড়িয়ে মুখে মিশ্রণটি আলতোভাবে লাগিয়ে নেন। এরপর প্রায় ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলেন। এই পদ্ধতিতে ত্বক মসৃণ অনুভূত হয় বলে জানান তিনি।

তবে কফির দানাদার উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে। তাই মুখে ব্যবহারের আগে সাবধান থাকা প্রয়োজন।

গোলাপজল, বেসন ও দইয়ের প্যাক

ত্বকের আরাম ও সতেজতার জন্য গোলাপজল, বেসন ও ঠান্ডা দই মিশিয়ে ফেসপ্যাক বানান তামান্না। ছোটবেলায় তার ত্বকে সহজেই জ্বালাপোড়া বা অস্বস্তি হতো। সে সময় বেসন ও দই ছিল তার মূল ভরসা।

এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে এলে ধুয়ে ফেলেন। ব্যস্ততার দিনে স্ক্রাব না করে শুধু গোলাপজল ব্যবহার করেও ত্বকের যত্ন নেন এই অভিনেত্রী।

নিয়মিত যত্নই আসল কথা

বছরের পর বছর ধরে তামান্নার রূপচর্চার নিয়মে সামান্য পরিবর্তন এলেও মূল ভাবনা একই রয়ে গেছে—অপ্রয়োজনে কেমিক্যাল প্রসাধনী না মেখে ত্বকের প্রয়োজন বুঝে স্বাভাবিক যত্ন নেওয়া।

তবে তার ব্যক্তিগত এই অভিজ্ঞতা সবার ত্বকে একই ফল না-ও দিতে পারে। প্রাকৃতিক উপাদানেও অনেকের অ্যালার্জি বা সমস্যা দেখা দিতে পারে। তাই নতুন কোনো উপাদান মুখে লাগানোর আগে ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। আর ত্বক সংবেদনশীল হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সূত্র: ইকোনমিক টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন