তরুণ শাহরুখ খানকেও সাহায্য করেছিলেন নানা পাটেকর

তরুণ শাহরুখ খানকেও সাহায্য করেছিলেন নানা পাটেকর

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। এর মাঝেই শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্বের পুরোনো একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। নব্বইয়ের দশকে এক অপ্রীতিকর ঘটনায় গ্রেপ্তারের পর তরুণ শাহরুখকে জামিন পেতে সহায়তা করেছিলেন নানা…

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। এর মাঝেই শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্বের পুরোনো একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। নব্বইয়ের দশকে এক অপ্রীতিকর ঘটনায় গ্রেপ্তারের পর তরুণ শাহরুখকে জামিন পেতে সহায়তা করেছিলেন নানা পাটেকর।

গত ৮ অক্টোবর ৭৫ বছর বয়সে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। পর্দায় তীব্র অভিনয় আর ব্যক্তিজীবনে স্পষ্টভাষী স্বভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। নানা পাটেকরের প্রয়াণে দেওয়া শোকবার্তায় তার কাছ থেকে শেখার অভিজ্ঞতা স্মরণ করেছেন শাহরুখ খান। নানা পাটেকরকে নিজের পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এই তারকা।

শাহরুখ আরও স্মরণ করেন, নানা পাটেকরের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় নার্ভাস হয়ে বারবার চুল ঠিক করছিলেন তিনি। বিষয়টি লক্ষ করে নানা তার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়কের মতো চুল সাজিও না, তুমি একজন অভিনেতা।’

যে ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ

২০১২ সালে এক অনুষ্ঠানে শাহরুখ নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা জানান। গৌরী খানের সঙ্গে বিয়ের কিছুদিন পর একটি সাময়িকীতে তার এক সহঅভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে গৌরী মন খারাপ করেন। ক্ষুব্ধ শাহরুখ ওই প্রতিবেদনের সাংবাদিকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।

শাহরুখের ভাষ্য অনুযায়ী, সাংবাদিককে ফোন করে কথা বলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে তিনি ওই সাংবাদিকের বাড়িতে যান। সঙ্গে ছিল তার সেনা কর্মকর্তা শ্বশুরের দেওয়া একটি কুকরি। সেখানে সাংবাদিকের মা-বাবার সামনে এক তরুণকে হুমকি দেন শাহরুখ। পরে নিজের এই আচরণকে ভুল বলেও স্বীকার করেছিলেন তিনি।

শাহরুখ ভেবেছিলেন, ঘটনা সেখানেই শেষ। কিন্তু পরদিন সন্ধ্যায় ‘কাভি হাঁ, কাভি না’ ছবির শুটিংয়ের সময় পুলিশ হাজির হয়। প্রথমে পুলিশ সদস্যরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, এমনকি ছবিও তোলেন। পরে তারা জানান, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে চান।

সন্ধ্যা ৬টার পর শাহরুখকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে জামিনও পাননি তিনি। লকআপ থেকে একবার ফোন করার সুযোগ পেয়ে পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ না করে সোজা সেই সাংবাদিককেই ফোন করেন তিনি। ফোনে তাকে আবারও হুমকি দেন শাহরুখ।

পরে মজা করে শাহরুখ বলেছিলেন, এই ঘটনা নাকি প্রমাণ করে তিনি হিন্দি ছবির নায়ক হওয়ার জন্যই তৈরি। তবে দ্রুতই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন তিনি। থানায় আঙুলের ছাপ নেওয়ার সময় গভীর বিব্রতবোধ করেন। গৌরীর মানসিক অবস্থাও তাকে ভীষণ নাড়া দেয়। শাহরুখের ভাষ্য অনুযায়ী, সেই ঘটনাই তাকে নিজের আচরণ বদলানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

যেভাবে সাহায্য করেছিলেন নানা

জামিনের প্রসঙ্গ টেনে শাহরুখ বলেছিলেন, ‘শেষ পর্যন্ত নানা পাটেকরই আমাকে জেল থেকে বের হতে সাহায্য করেছিলেন। তিনি খুব ভালো ব্যবহার করেছিলেন। সপ্তাহান্তে একটি সান্ধ্য আদালত বসত, যেখানে জামিন দেওয়া হতো।’

নব্বইয়ের দশকের শুরুতে ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ (১৯৯২) চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও নানা পাটেকর। বিপদের সেই দিনগুলোতে নানা যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, পুরোনো স্মৃতিচারণে সেই কথাই উঠে এসেছে।

সূত্র: ইনডাল্‌জ এক্সপ্রেস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন