চলচ্চিত্র ও টেলিভিশনের দাপুটে উপস্থিতির পর এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন বলিউড সুপারস্টার সালমান খান। শুক্রবার (৯ অক্টোবর) নিজের নামে একটি আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি। চ্যানেলটি চালুর প্রায় এক ঘণ্টার মধ্যেই অনুসারীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও প্রকাশ করে নতুন এই খবরের কথা জানান সালমান। ভিডিওতে বর্ণমালা উচ্চারণের পর চ্যানেলটির ভাবনা তুলে ধরেন তিনি। তার দেওয়া বার্তায় ইঙ্গিত মিলেছে, চ্যানেলটিতে নির্দিষ্ট কোনো ধরনের কনটেন্টে তিনি সীমাবদ্ধ থাকবেন না।
চ্যানেলের পরিচিতি অংশে সালমান লিখেছেন, ‘চলচ্চিত্র অভিনেতা। শিল্পী। চিত্রকর। মানবহিতৈষী। এটি আমার আনুষ্ঠানিক চ্যানেল।’
চ্যানেলটি চালু করার সময় সেখানে ১০টি ইউটিউব শর্টস ভিডিও ছিল। শুরুতে দীর্ঘ ভিডিওর বদলে ছোট ও হালকা মেজাজের ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে ভবিষ্যতে কী ধরনের ভিডিও নিয়মিত প্রকাশ করবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি বা ঘোষণা দেননি।
ভক্তদের ধারণা, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, সিনেমার শুটিংয়ের দৃশ্য, নতুন কাজের প্রচার এবং পর্দার আড়ালের নানা অভিজ্ঞতা এখানে তুলে ধরতে পারেন সালমান। এর মাধ্যমে সিনেমা ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন মাধ্যম তৈরি হলো তার।
ইউটিউবে অন্যান্য তারকারা
সালমানের আগে থেকেই ইউটিউবে সক্রিয় রয়েছেন বলিউডের একাধিক পরিচিত মুখ। আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান, শিল্পা শেঠি কুন্দ্রা, আর্চনা পুরান সিং ও ফারাহ খান নিয়মিত ভ্লগ, ভ্রমণ, ফিটনেস, রান্না এবং শুটিংয়ের নেপথ্যের বিভিন্ন ভিডিও প্রকাশ করে আসছেন।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন ও মোহনলালেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এছাড়া টেলিভিশন তারকাদের মধ্যে দীপিকা কাক্কার, শোয়েব ইব্রাহিম, জান্নাত জুবের ও অনুষ্কা সেন লাইফস্টাইল ভিডিও ও ভ্লগের মাধ্যমে বড় দর্শকগোষ্ঠী তৈরি করেছেন।
ব্যস্ততার মাঝে নতুন মাধ্যম
বর্তমানে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের সঞ্চালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। রিয়েলিটি শোটির সঞ্চালক হিসেবে এটি তার ১৬তম মৌসুম।
সিনেমার ক্ষেত্রে তার পরবর্তী কাজ ‘মাত্রুভূমি’। ছবিটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। অপূর্ব লাখিয়ার পরিচালনায় এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর নতুন সময় এখনো জানানো হয়নি।
এছাড়া পরিচালক বংশী পৈডিপল্লির ‘এসভিসি৬৩’ প্রকল্পেও যুক্ত রয়েছেন সালমান। ‘মনস্টার’ নামে পরিচিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন নয়নতারা। ছবিটির ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
সিনেমা ও টেলিভিশনের ব্যস্ততার মাঝে ইউটিউবে সালমানের আগমন ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট নিয়ে হাজির হন বলিউডের এই সুপারস্টার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








মন্তব্য