দীর্ঘ প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন খ্যাতনামা সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই শিল্পীর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। কিছুদিন আগে তার মস্তিষ্কেও অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়ে সম্প্রতি তাকে নিজ বাসায় আনা হয়েছে। প্রখ্যাত গীতিকার কবির বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তার এই সংকটজনক অবস্থার কথা জানিয়েছেন।
কবির বকুল তার পোস্টে উল্লেখ করেছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের প্রিয় সহকর্মী ইবরার টিপু। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে তার কিডনি ক্যানসারের চিকিৎসা চলছে এবং সম্প্রতি তার ব্রেইন সার্জারিও হয়েছে। হাসপাতালে দীর্ঘদিন থাকার পর তাকে এখন বাসায় ফিরিয়ে আনা হয়েছে।
শিল্পীর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, পরিবারের ধারণা ছিল হাসপাতালে সঠিক চিকিৎসা মিলছে না। সে কারণেই মূলত জোর করে তাকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয়। গীতিকার আরও জানান, কিছুদিন আগেই তার স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে তার কথা হয়েছে।
স্মৃতিচারণা করে কবির বকুল জানান, এ বছরের রোজার ঈদের সময় অসুস্থ শরীর নিয়েই নিউইয়র্কে তাদের বাসায় এসেছিলেন ইবরার টিপু। দীর্ঘ দিন পর ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, মারাত্মক অসুস্থ অবস্থাতেও মানুষটির চোখে-মুখে সেই চিরপরিচিত মায়া লেপ্টে আছে। বহু দূরে অবস্থান করায় তার জন্য বিশেষ কিছু করতে না পারার আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, ভেতরের অনুভূতিতে তার বুক ভেঙে আসছে।
ইবরার টিপুর অসাধারণ অবদানের কথা স্মরণ করে কবির বকুল বলেন, তার সুর ও সংগীতায়োজনে শ্রোতারা বহু কালজয়ী গান উপহার পেয়েছেন। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। নিজের কর্মজীবনে তার সঙ্গে কাজের অসংখ্য স্মৃতি রয়েছে বলেও জানান তিনি।
সহকর্মী ও একজন সজ্জন মানুষের এমন আকস্মিক বিপর্যয়ে গভীর বেদনা প্রকাশ করে কবির বকুল সবার কাছে দোয়ার আর্জি জানিয়েছেন। মৃদুভাষী ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।








মন্তব্য