সাদা চুল নিয়ে প্রকাশ্যে ৬১ বছরের আমির খান

সাদা চুল নিয়ে প্রকাশ্যে ৬১ বছরের আমির খান

৬১ বছর বয়সে চুলের স্বাভাবিক রং নিয়ে প্রকাশ্যে হাজির হয়ে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন আমির খান। চুলে কলপ দেওয়া বন্ধ করে স্বাভাবিক লবণ-মরিচ রঙের লুকেই দেখা গেল বলিউডের এই অভিনেতাকে। তবে নতুন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনে নয়; বরং একঘেয়েমি থেকেই এমন…

৬১ বছর বয়সে চুলের স্বাভাবিক রং নিয়ে প্রকাশ্যে হাজির হয়ে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন আমির খান। চুলে কলপ দেওয়া বন্ধ করে স্বাভাবিক লবণ-মরিচ রঙের লুকেই দেখা গেল বলিউডের এই অভিনেতাকে। তবে নতুন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনে নয়; বরং একঘেয়েমি থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত সেলিব্রেট সিনেমা ফেস্টিভ্যাল ২০২৬-এ পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নেন আমির। সেখানে তার নতুন লুক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

অনুষ্ঠানে ফুলেল নকশার বোতামযুক্ত শার্ট, কালো প্যান্ট ও স্বচ্ছ ফ্রেমের চশমা পরেছিলেন তিনি। চুলের নতুন ধরন নিয়ে প্রশ্ন করা হলে আমির জানান, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। চুলে রং করা চিরতরে বন্ধ করে দিয়েছেন তিনি।

হেসে নিজের চুলে হাত বুলিয়ে আমির বলেন, এই লুকে বিশেষ কিছু নেই। আমি শুধু চুলে রং করা বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।

এ সময় সুভাষ ঘাই মজা করে বলেন, আমিরকে নতুন কোনো লুকে দেখলে বুঝতে হবে, তিনি হয়তো পরবর্তী সিনেমার চরিত্র নিয়ে গবেষণা করছেন। তবে আমিরের বক্তব্যে স্পষ্ট, এবার তার চুলের পরিবর্তনের সঙ্গে নতুন কোনো চরিত্রের কোনো সম্পর্ক নেই।

এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে স্বাভাবিক পাকা-কালো চুলে দেখা গেছে আমিরকে। তবে এবার চুলে রং করা বন্ধ করার কথা প্রকাশ্যে জানানোর পর ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি।

অনুষ্ঠানে আমিরের কাছে ‘আন্দাজ আপনা আপনা ২’ এবং আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় লালা অমরনাথের জীবনীভিত্তিক সিনেমা ‘লালকার’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয়।

‘আন্দাজ আপনা আপনা ২’ প্রসঙ্গে আমির জানান, কাল্ট কমেডি ছবিটির সিক্যুয়েল নিয়ে তিনিও যথেষ্ট আগ্রহী। মূল সিনেমায় সালমান খানও অভিনয় করেছিলেন।

অন্যদিকে, লালকার নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চাননি অভিনেতা। আমির বলেন, দেখা যাক কী হয়। আনুষ্ঠানিক ঘোষণা হলে আমি সিনেমাটি সম্পর্কে জানাব। কারণ, প্রতিটি সিনেমা তৈরির একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আগে থেকে কিছু বলে দেওয়ার পর তা বাস্তবায়িত না হলে ভালো দেখায় না। সবকিছু চূড়ান্ত হলে আমরা বিস্তারিত জানাব।

পেশাগত জীবনে আমির খানকে সর্বশেষ দেখা গেছে পারিবারিক বিনোদনধর্মী সিনেমা ‘সিতারে জমিন পার’-এ। সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

সূত্র: মিড ডে

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন