দেবের উদ্দেশে খোলা চিঠি প্রসেনজিতের

দেবের উদ্দেশে খোলা চিঠি প্রসেনজিতের

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও একসঙ্গে ফিরছেন ‘দেশু৭’ সিনেমায়। ‘ধূমকেতু’ সিনেমার সুবাদে দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। এবার তাদের সপ্তম সিনেমার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সিনেমাটি ঘিরে তৈরি হওয়া আগ্রহের মধ্যেই সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ট্রেলার…

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও একসঙ্গে ফিরছেন ‘দেশু৭’ সিনেমায়। ‘ধূমকেতু’ সিনেমার সুবাদে দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। এবার তাদের সপ্তম সিনেমার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সিনেমাটি ঘিরে তৈরি হওয়া আগ্রহের মধ্যেই সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। তবে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এবার অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। নতুন এই যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন প্রসেনজিৎ। বর্তমানে শুটিংয়ের কাজে বাইরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে চিঠিতে জানিয়েছেন তিনি।

দেবকে উদ্দেশ করে প্রসেনজিৎ লিখেছেন, স্নেহের দেব, তোমাদের দেশু৭-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।

দেবের অভিনয়জীবনের দীর্ঘ পথচলার সাক্ষী প্রসেনজিৎ। এবার পরিচালকের আসনে দেবকে দেখার অপেক্ষায় রয়েছেন তিনিও। চিঠিতে সেই আগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেতা। তার কথায়, একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি।

শুধু দেব নয়, দেশু৭-এর পুরো দলকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। চিঠির শেষে লিখেছেন, খুব ভালো থাকো। আমার তরফ থেকে দেশু৭-এর গোটা টিমকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।

সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জিতের উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। দেবের নতুন ভূমিকাকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও বাড়ছে। এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনায় দেব কতটা সাফল্য পান, সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: এই সময়

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন