এশিয়াডে জটিল সমীকরণের সামনে বাংলাদেশ

এশিয়াডে জটিল সমীকরণের সামনে বাংলাদেশ

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টি যেন বড় এক নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের কাছে যা আশীর্বাদ, পিছিয়ে থাকা দলের জন্য তা হতাশার। এই সমীকরণের সুবাদেই কোনো ম্যাচ না খেলে মালয়েশিয়াকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিফাইনালের…

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টি যেন বড় এক নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের কাছে যা আশীর্বাদ, পিছিয়ে থাকা দলের জন্য তা হতাশার। এই সমীকরণের সুবাদেই কোনো ম্যাচ না খেলে মালয়েশিয়াকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিফাইনালের মঞ্চে সেই বৃষ্টির সুবিধাই এখন বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

জাপানের নিশিনে টানা বৃষ্টির কারণে টুর্নামেন্টের একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হতে যাওয়া সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (৮ম) চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা পাকিস্তানের (৬ষ্ঠ) বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে সোনার লড়াই থেকে ছিটকে যাবে বাংলাদেশ।

২০১৪ সালের আসরে শ্রীলঙ্কার কাছে টসে হেরে বিদায় নেওয়ার পর এবারও বৃষ্টির শঙ্কা ও র‍্যাঙ্কিংয়ের জটিল সমীকরণে পড়েছে লিটন দাসের দল। অধিকন্তু, জাপানে পৌঁছানোর পর বৃষ্টির কারণে বাংলাদেশ দল ঠিকঠাক অনুশীলনের সুযোগও পায়নি; যেটুকু হয়েছে তাও ফুটবলের মাঠে, যা নেটে অনুশীলনের ঘাটতি পূরণ করতে পারেনি।

বৃষ্টির বাধা কাটলেও মাঠের লড়াই সহজ হবে না বাংলাদেশের জন্য। বাবর আজম বা সালমান আগারা না থাকলেও পাকিস্তান বেশ শক্ত ও কার্যকর একটি দল পাঠিয়েছে। ওপেনার সাহিবজাদা ফারহানের নেতৃত্বে থাকা এই দলে আছেন সম্প্রতি সিপিএলে দুর্দান্ত সেঞ্চুরি করা তরুণ ওপেনার মাজ সাদাকাত এবং সাইম আইয়ুব। মিডল অর্ডারে আছেন বিধ্বংসী ব্যাটার হায়দার আলী, হাসান নেওয়াজ ও আবদুল সামাদ। সঙ্গে রয়েছেন মূল দলের উইকেটকিপার-ব্যাটার উসমান খান।

পাকিস্তানের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্পিনার আবরার আহমেদের পাশাপাশি আছেন আরাফাত মিনহাস ও সুফিয়ান মুকিম। অন্যদিকে পেস আক্রমণে গতি ঝড় তুলতে প্রস্তুত আকিফ জাভেদ ও তরুণ তুর্কি আলী রাজা। বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় আকিফ জাভেদের কাছে বাংলাদেশি ব্যাটারদের সামর্থ্য বেশ ভালোভাবেই জানা।

সব মিলিয়ে বৃষ্টির চোখরাঙানি আর পাকিস্তানের শক্তিশালী চ্যালেঞ্জ সামলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন