উয়েফা নেশনস লিগের ম্যাচকে কেন্দ্র করে দুই দলের মধ্যকার মাঠের বাইরের দ্বন্দ্ব আরও তীব্র করে তুলেছেন ইসরায়েলি অধিনায়ক মানর সলোমন। সরাসরি আক্রমণ করে তিনি দাবি করেছেন, আয়ারল্যান্ডের তুলনায় তাদের দেশ ‘১০ গুণ ভালো’। একই সঙ্গে কোনো রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘ওরা আমাদের ঘৃণা করে এবং আমরাও তাদের পছন্দ করি না।’
গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রতিবাদে গত রোববারের ওই ম্যাচে ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় রিপাবলিক অব আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা মাঠের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে ছিলেন এবং কোচিং স্টাফরা মাঠ থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি প্রতিবাদের অংশ হিসেবে আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো বা ম্যাচ পূর্ববর্তী পতাকা (পেনান্ট) বদল করা থেকেও বিরত থাকেন।
ওয়েস্ট হামে খেলা সলোমন ইসরায়েলের স্পোর্ট ৫ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ওদের সম্পর্কে আমি যা ভাবি, তা যদি মুখ ফুটে বলি তবে হয়তো আমাকে কয়েকটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে। তাই আমি যা ভাবছি তা বলতে চাই না। স্পষ্টতই, ওরা আমাদের ঘৃণা করে এবং আমরাও তাদের পছন্দ করি না।
হাঙ্গেরির দেব্রেসেনে অনুষ্ঠিত ওই ম্যাচে আয়ারল্যান্ড ৩-০ গোলে জয়লাভ করে। আগামী রোববার দুই দলের ফিরতি লেগের ম্যাচটিও নিরপেক্ষ ভেন্যু সার্বিয়াতে অনুষ্ঠিত হবে। ইসরায়েলের অধিনায়ক সলোমন বলেন, ‘আমি এখনই তাদের বিপক্ষে আগামী ম্যাচের অপেক্ষায় আছি।’
ম্যাচ শুরুর আগে আয়ারল্যান্ডের এমন আচরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওদের আচরণ আমাকে বিন্দুমাত্র ভাবায় না। আমাদের দেশ ওদের চেয়ে ১০ গুণ ভালো এবং শক্তিশালী। আমাদের একটি চমৎকার দেশ রয়েছে, যেখানে দারুণ সব মানুষ বাস করে।’
তিনি আরও যোগ করেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে এবং ইসরায়েলি হতে পেরে আমরা গর্বিত। আমাদের দেশ ও সেনাদের নিয়ে আমরা গর্বিত। তারা যতই নাটক বা স্টান্ট করুক না কেন, তাতে কিছু যায় আসে না। আমরা ইসরায়েলি, আমরা আমাদের দেশকে ভালোবাসি- আর এটাই চিরকাল থাকবে।’
সূত্র: দ্য গার্ডিয়ান








মন্তব্য