উয়েফা নেশনস লিগের ম্যাচে ব্রাসেলসে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাইকেল ওলিসের ম্যাচের শেষ মুহূর্তের চমৎকার এক গোলে এই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদান ফরাসি ডাগআউটে শুরু করলেন টানা দুই জয় দিয়ে।
গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন বায়ার্ন মিউনিখ তারকা ওলিসে। সোমবার ব্রাসেলসের মাঠে যখন গোলশূন্য ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচটি, তখন ৮৮ মিনিটে নিজের অর্ধ থেকে বল টেনে নিয়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান গড়ে দেন এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফরাসিদের প্রধান কোচের দায়িত্ব নেওয়া জিদানের এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে গত শুক্রবার তার অধীনে প্রথম ম্যাচে তুরস্কের মাঠে ১-০ গোলের জয় পেয়েছিল ফ্রান্স।
এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপ ‘এ১’-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ফ্রান্স। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বেলজিয়াম ও ইতালি। সোমবারের অপর ম্যাচে তুরস্ককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি।
আগামী শুক্রবার স্তাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। কোচ হিসেবে ঘরের মাঠে এটিই হবে জিদানের প্রথম ম্যাচ। এরপর আগামী ৫ অক্টোবর বেলজিয়ামকে আতিথ্য দেবে ফরাসিরা।
ইনজুরির কারণে এই ম্যাচে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পাননি জিদান। তুরস্কের বিপক্ষে ম্যাচে জয়সূচক গোল করার সময় বাঁ হাঁটুর চোটে পড়ায় রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে চিকিৎসার জন্য ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়।
কিং বাউদুয়েন স্টেডিয়ামের ম্যাচে শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন জিদান। গোলরক্ষক মাইক মাইগনান এবং চেলসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া ছাড়া আগের ম্যাচের আর কেউ একাদশে জায়গা ধরে রাখতে পারেননি। এদিন ইতালির কোমো ক্লাবের মিডফিল্ডার লুকাস দা কুনহা এবং রেনের ফরোয়ার্ড ও গত মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এস্তেবান লেপুলের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে।
অন্যদিকে, নতুন কোচ মার্ক ফন বুমেলের অধীনে ঘরের মাঠে খেলতে নামা বেলজিয়াম ইতালির বিপক্ষে ২-০ গোলের জয়ে থাকা দলটিতে মাত্র দুটি পরিবর্তন আনে।
ম্যাচে গোলের সুযোগ বেশি তৈরি করেছিল ফরাসিরাই। প্রথমার্ধে শট বারে গোলবঞ্চিত হন পিএসজির দেসিরে দুয়ে। এছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস দা কুনহার শটও পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই দৃশ্যপটে আসেন ফরাসি মিডফিল্ডার ওলিসে। ৭৭ মিনিটে লিভারপুলের উইঙ্গার ব্র্যাডলি বারকেলার পরিবর্তে তাকে মাঠে নামান কোচ জিদান। লন্ডন জন্মগ্রহণকারী এই ফুটবলার নিজের অর্ধ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে পৌঁছে যান। এরপর সেনে লামেন্সকে পরাস্ত করে নিচের বাম কোণ দিয়ে নিখুঁত কার্লিং শটে বল জালে জড়ান।








মন্তব্য