যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে জামাল তিয়ারের অবিশ্বাস্য গোলে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে হারিয়েছে কলম্বাস ক্রু। নাটকীয়তায় ভরা ম্যাচে লিওনেল মেসির এক জাদুকরী ফ্রি-কিক সত্ত্বেও পরাজয় এড়াতে পারেনি মায়ামি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়াই জমে ওঠে। ২৮তম মিনিটে বক্সের মধ্যে ইয়ানিক ব্রাইট ফাউল করলে পেনাল্টি পায় কলম্বাস। মায়ামির সাবেক স্ট্রাইকার জোসেফ মার্তিনেজ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি। ৩৩তম মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। মাঠের ডান প্রান্ত থেকে ক্রস বাড়ানোর ভান করে সবাইকে ফাঁকি দিয়ে সরাসরি বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন মহাতারকা। চলতি মৌসুমে এটি এমএলএসে তার ২১তম এবং মিয়ামির জার্সিতে ১২তম ফ্রি-কিক গোল।
দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। মেসির কয়েকটি জোরালো শট রুখে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে। অন্যদিকে কলম্বাসের আনাস জারুরির তিনটি শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
ম্যাচের আসল নাটকীয়তা তৈরি হয় যোগ করা সময়ে। বদলি ফুটবলার সান্টিয়াগো মোরালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। এরপর খেলার ৯৮তম মিনিটে কলম্বাসের এক শট মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো সঠিকভাবে গ্লাভসবন্দি করতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন জামাল তিয়ারে। ফলে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস ক্রু।
জাতীয় দলকে বিদায় জানানোর আগে মেসির এই দুর্দান্ত পারফরম্যান্স মায়ামি সমর্থকদের জন্য দারুণ আনন্দ বয়ে আনলেও দলের পরাজয় সেই উদযাপনে ভাটা ফেলে। এই হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে চমৎকার এই জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল কলম্বাস।








মন্তব্য