মাঠের বাইরের সব জটিল রাজনৈতিক বিতর্ক ও অভ্যন্তরীণ ক্ষোভকে দূরে ঠেলে উয়েফা নেশনস লিগে জয় তুলে নিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। রোববার হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আইরিশরা।
গোলডটকম জানিয়েছে, ম্যাচটি জয়ের পাশাপাশি আইরিশ খেলোয়াড়দের অভিনব প্রতিবাদ আলোড়ন সৃষ্টি করেছে। গাজায় চলমান সামরিক অভিযানের প্রতিবাদে খেলোয়াড়দের একটি অংশ ম্যাচটি বয়কটের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) সিদ্ধান্ত মেনে তারা মাঠে নামেন। তবে ম্যাচ শুরুর আগে প্রথাগত হ্যান্ডশেক (করমর্দন) এড়িয়ে যান আইরিশ ফুটবলাররা। শুধু তাই নয়, বাহুতে কালো আর্মব্যান্ড পরা ছাড়াও ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালে মাথা নিচু করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। এমনকি এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ব্যক্তিগত অবস্থান থেকে নিজেকে দল থেকে সরিয়ে নেন নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু।
সব বিতর্ক পেছনে ফেলে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে আয়ারল্যান্ড। প্রথমার্ধের ১১ মিনিটের এক ঝড়ে তছনছ হয়ে যায় ইসরায়েলের রক্ষণভাগ। ম্যাচের ১৪ মিনিটে ট্রয় পারটের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় আয়ারল্যান্ড। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ। ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন দারুণ ফর্মে থাকা জ্যাক ময়েলান।
গোলের পর ময়েলানের উদযাপনটি ছিল ম্যাচের অন্যতম নাটকীয় মুহূর্ত। গোল নিশ্চিত করার পর বাহু থেকে কালো আর্মব্যান্ড খুলে গ্যালারিতে থাকা ইসরায়েলি দর্শকদের দিকে উঁচিয়ে ধরেন এবং তাতে চুমু খান তিনি।
দ্বিতীয়ার্ধে ইসরায়েল কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও আইরিশদের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হেইমির হালগ্রিমসনের দল।
ম্যাচ শেষে আইরিশ কোচ হালগ্রিমসন বলেন, দলকে প্রস্তুত করা এবং খেলোয়াড়দের মানসিক অবস্থা সামলানো আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি ছিল।
এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার লড়াইয়ে টিকে রইল আয়ারল্যান্ড। আগামী বৃহস্পতিবার গ্রুপ টেবিলের শীর্ষে থাকা শক্তিশালী অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তারা। অন্যদিকে, টানা পরাজয়ে টেবিলের তলানিতেই পড়ে রইল ইসরায়েল।
সূত্র: গোলডটকম।








মন্তব্য